Tuesday, November 10

ডেস্ক রিপোর্ট:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়াকে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ বিষয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহি অপরিহার্য উল্লেখ করে মানবাধিকার সংগঠনটি বলছে, প্রয়োজনে উচ্চ আদালত স্বপ্রণোদিত পদক্ষেপ নিতে পারে।

এক বিবৃতিতে আসক জানায়, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষার অধিকারী। অনুচ্ছেদ ৩১ নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করেছে এবং ৩৫(৫) অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর দণ্ড বা আচরণের শিকার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একজন বিচারাধীন বন্দি হিসেবে সাদ্দাম এসব সাংবিধানিক সুরক্ষা থেকে বঞ্চিত নন।

অথচ তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুজনিত চরম মানবিক পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো সত্ত্বেও প্যারোলে মুক্তি না দেওয়া এবং জানাজা ও দাফনে অংশগ্রহণের সুযোগ না দেওয়াকে কার্যত অমানবিক ও অবমাননাকর আচরণ বলে উল্লেখ করেছে আসক। সংগঠনটির মতে, এটি সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদের সরাসরি ব্যত্যয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালের ১ জুন একটি নীতিমালা প্রণয়ন করে। ওই নীতিমালায় বলা হয়েছে—ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণির কয়েদি বা হাজতিদের নিকটাত্মীয় যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, স্বামী-স্ত্রী, সন্তান এবং আপন ভাই-বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে। যদিও এটি প্রশাসনিক বিবেচনার বিষয়, তবে তা ইচ্ছামতো বা কোনো যুক্তি প্রকাশ না করে প্রত্যাখ্যান করা যায় না। পরিবার কর্তৃক আবেদন থাকা সত্ত্বেও বিধান প্রয়োগ না করা আইনের উদ্দেশ্য ও ন্যায্য প্রশাসনিক প্রক্রিয়ার পরিপন্থি বলে মনে করছে আসক।

আন্তর্জাতিক আইনের দৃষ্টান্ত তুলে ধরে আসক জানায়, বাংলাদেশ যে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) মেনে চলে, তার ৭ নম্বর অনুচ্ছেদে নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে এবং ১০(১) অনুচ্ছেদে স্বাধীনতাবঞ্চিত সকল ব্যক্তির সঙ্গে মানবিকতা ও মর্যাদার সঙ্গে আচরণের কথা বলা হয়েছে। কারাফটকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও শিশু সন্তানের মুখ দেখিয়ে একজন শোকাহত বন্দিকে জানাজা ও দাফনে অংশ নিতে না দেওয়াকে আইসিসিপিআর’র এই ধারাসমূহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে সংগঠনটি।

আসক আরও বলছে, কোনো আইন, বিধি বা নির্বাহী আদেশের ভিত্তিতে পরিবারের আবেদন থাকা সত্ত্বেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি—এর কারণ জানার অধিকার দেশের নাগরিকদের রয়েছে। আইনের শাসন মানে শুধু সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং সিদ্ধান্তের কারণ প্রকাশ ও জবাবদিহি নিশ্চিত করাও এর অবিচ্ছেদ্য অংশ। এ ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের নীরবতা প্রশাসনিক স্বেচ্ছাচার ও বৈষম্যমূলক আচরণের গুরুতর প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, যশোর কারাগারে বন্দি রয়েছেন বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তার পরিবারের দাবি, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট প্রশাসনের কাছে আবেদন করা হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। কারাফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ পান তিনি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়নি। মানবিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
36 + = 46