লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে শহীদ ওসমান হাদির ভাই ওমর শরীফ একটি ‘স্ক্রিপ্ট’ দাঁড় করিয়েছেন—এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
মূলত শহীদ হাদির স্ত্রীকে বাংলাদেশে রেখে তার একমাত্র সন্তান ফিরনাসকে যুক্তরাজ্যে নিয়ে যেতে চাওয়ার পর থেকেই ওমর শরীফ নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েছেন।
ফেসবুক পোস্টে আম্মার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একটি উদাহরণ টানেন। তিনি লেখেন, ধরুন—দুই ভাইয়ের মধ্যে একজন মারা গেলেন, সন্তান তখন খুবই ছোট। এমন পরিস্থিতিতে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের সামাজিক বাস্তবতায় কতটা থাকে—সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ঠিক এভাবেই বড় চাচা হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন যে, সন্তানের দেখভাল তিনিই করবেন এবং তাকে শহরে বা বিদেশে নিয়ে যাবেন।
ওমর শরীফের সমালোচনা করে আম্মার বলেন, ১১ মাসের শিশু ফিরনাসের দেখভালের কথা বলে শহীদ হাদির লাশের ‘সর্বোচ্চ সুবিধা’ নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। একই সঙ্গে স্ত্রীকে রেখে সন্তানকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অথচ শহীদ হাদির স্ত্রীই এখন সবচেয়ে বেশি অনিরাপত্তার মধ্যে আছেন বলে মন্তব্য করেন তিনি।
আরও কঠোর ভাষায় রাকসু জিএস বলেন, পুরো ঘটনাটির পেছনে একটি পরিকল্পিত স্ক্রিপ্ট রয়েছে। তার ভাষায়, “ওমর ভাই, স্ক্রিপ্টটা একটু বেশিই সস্তা হয়ে গেল।” তিনি দাবি করেন, সিঙ্গাপুরে সর্বোচ্চ চিকিৎসা থাকা সত্ত্বেও তখনই লন্ডনে নেওয়ার পরিকল্পনা ছিল, পরে নিরাপত্তার অজুহাতে সেখানেই থেকে যাওয়ার ছক আঁকা হয়েছে।
আম্মার আরও বলেন, লন্ডনে যাওয়ার ইচ্ছা থাকলে ব্যক্তিগতভাবেই যাওয়া যেত। কিন্তু যে প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে শহীদ হাদির সন্তানকেই জড়িয়ে ফেলা হয়েছে—যিনি কেবল একটি শিশু নন, বরং শহীদের উত্তরসূরি।
শহীদ হাদির সন্তান ফিরনাসকে নিয়ে তিনি বলেন, “ওকে শহীদ হাদির আদর্শে বড় করতে হবে। টানাটানি না করে নির্লজ্জের মতো একা একা চলে যান লোভনীয় সরকারি চাকরি আর নিরাপদ জীবন নিয়ে।”
আরেকটি পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন, শহীদ ওসমান হাদির লাশকে কেন্দ্র করে সুবিধা নেওয়ার বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠছে। তার মতে, মানুষের আসল চরিত্র সবচেয়ে পরিষ্কার হয় মৃত্যু বা সংকটের মুহূর্তে।
তিনি আরও বলেন, একজন শহীদের স্ত্রী যখন সরকারি সুবিধা বা চাকরির প্রলোভন প্রত্যাখ্যান করে বলেন—‘আমি চাকরি চাই না, আমি বিচার চাই’, তখন সেটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না; বরং তা ন্যায়বিচার, আত্মসম্মান ও আদর্শের প্রতি দৃঢ় অবস্থানের প্রতীক হয়ে ওঠে।

