Tuesday, November 10

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তিনি কোনোভাবেই সংখ্যালঘু বা ধর্মভিত্তিক বিভাজনে বিশ্বাস করেন না। হিন্দু-মুসলিম সবাইকে মিলেমিশে থাকতে হবে। গত বছর দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কারণ বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপে দিন-রাত পাহারা দিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিংকু বলেন, “আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।”

তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে, তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। সালথার মাটিতে দুর্নীতি ও মাদককে ‘না’ বলতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ও ধানের শীষের নামে কোনো বদনাম হতে দেবেন না।

নিজ নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশে রিংকু বলেন, “আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। বাবা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকেই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সব কিছু করতে পারিনি, কিন্তু কাউকে ক্ষতি করি নি। সালথা-নগরকান্দার সব মসজিদ-মাদরাসা ও আলেম সমাজের পাশে আমার বাবা আজীবন ছিলেন।”

তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদরাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন, যা আগে কোনো সরকার দেয়নি।

শামা ওবায়েদ বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সালথায় শিশুদের জন্য সুন্দর খেলার মাঠ তৈরি করা হবে, যাতে তারা খেলাধুলার মাধ্যমে নিজের মেধা বিকাশ করতে পারে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ প্রমুখ।

Leave A Reply


Math Captcha
1 + 3 =