ঢাকা: আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নের চেষ্টা করছে—এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন।
ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ড. মোহাম্মদ ইউনূস সরকারের ওপর একটি ইনক্লুসিভ (অংশগ্রহণমূলক) নির্বাচনের জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছে। গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করলে বিষয়টি স্পষ্ট হয় বলে তিনি দাবি করেন।
তিনি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাম্প্রতিক সময়ে দিল্লি, কাতার ও যুক্তরাষ্ট্রে একাধিকবার সফর করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনীতিক বাংলাদেশ সফর করে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ক্লোজডোর বৈঠক করেছেন।
রনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতরা ‘চরকির মতো’ ঘুরে বেড়াচ্ছেন। তারা জামায়াতে ইসলামী, তারেক রহমান ও ড. মোহাম্মদ ইউনূস—সবার সঙ্গে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এসব বৈঠকের পর তারা আবার সদলবলে দিল্লিতে বৈঠকে যাচ্ছেন, যা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
তার মতে, এসব তৎপরতার পেছনে মূল লক্ষ্য হলো যেকোনো মূল্যে একটি ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করা, যেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র জোর চেষ্টা চালাচ্ছে।
তবে বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়ন করা কার্যত অসম্ভব বলে মন্তব্য করেন রনি। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত গতিতেই এগিয়ে চলছে। সরকার সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা ইতোমধ্যে প্রচার ও প্রচারণা শুরু করেছেন।
এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে কীভাবে রিকনসিলিয়েশন সম্ভব এবং দলটিকে কীভাবে নির্বাচনে অন্তর্ভুক্ত করা যায়—এ নিয়ে আকার-ইঙ্গিতে আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। কেউ কেউ নির্বাচন পেছানোর প্রস্তাব দিচ্ছেন, আবার কেউ বলছেন—নির্বাচনের পর ক্ষমতায় যারা আসবেন, তারা নির্দিষ্ট সময় পর আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আরেকটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারেন।
গোলাম মাওলা রনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেই একাধিকবার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রের ‘ডিপস্টেট পলিসি’র মাধ্যমে দলটিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জুলাই-আগস্টে রাজপথে সংঘটিত ঘটনাগুলো ছিল একটি সুপরিকল্পিত নকশার অংশ, যার মাধ্যমে জনগণকে উসকে দেওয়া হয় এবং গণ-অভ্যুত্থানকে সরকার পতনের দিকে ঠেলে দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগসাজশ রয়েছে বলেও আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, মাত্র ১৭ মাসের ব্যবধানে কেন হঠাৎ করে শেখ হাসিনাকে ফেরত আনা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের আলোচনা সামনে আসছে—এটাই ‘মিলিয়ন ডলারের প্রশ্ন’।
এর ব্যাখ্যায় রনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বিনিয়োগ, ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে। সে কারণে তারা এখানে হয় একটি ‘আমেরিকান মডেলের গণতন্ত্র’ চায়, নয়তো সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের মতো অনুগত শাসক প্রতিষ্ঠা করতে চায়। অন্যথায় বার্মা অ্যাক্ট কার্যকর করা কঠিন হবে, মার্কিন বিনিয়োগ অনিরাপদ হয়ে পড়বে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়বে।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশ হয় ভারতের প্রভাব বলয়ে চলে যাবে, নয়তো চীনের হাতে চলে যাবে—যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করবে। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রভাবের আওতায় যদি বাংলাদেশে ‘লিবারেল ডেমোক্রেসি’ ধারার এক বা একাধিক রাজনৈতিক শক্তি টিকে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র এখানে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে বলে মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
© 2026 Dhaka Report. Designed by Ashraful Sarkar.

