Tuesday, November 10

জামালপুর (সরিষাবাড়ী):
জামালপুরের সরিষাবাড়ীতে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে গোপনে বিয়ের অভিযোগ উঠেছে যমুনা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভও হয়েছে।

সম্প্রতি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মুশফিকুর রহমান লিটন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গুজাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২৩ সালে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে যোগ দেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক লিটনের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং লোকচক্ষুর আড়ালে ওই ছাত্রীকে বিয়ে করার অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিদ্যালয় কর্তৃপক্ষ কৌশলে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। বিদ্যালয় সূত্র জানায়, গত ২০ জানুয়ারি থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইমন হাসান ও সুমন মিয়াসহ অন্য শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা তার সন্তানের মতো। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তিনি একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে বিয়ে করেছেন। আমরা তাকে আর বিদ্যালয়ে দেখতে চাই না।”

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুরাদ হাসান, জীবন মাহমুদ ও আনিছুর রহমান বলেন, একজন শিক্ষক হয়ে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে বিয়ে করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবি জানান।

এ বিষয়ে ছাত্রীর নানা আব্দুর রশিদ বলেন, “আমাদের পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করা হয়েছে। এটি সামাজিক ও নৈতিকভাবে জঘন্য কাজ।” তিনি আরও জানান, বিয়ের পর ওই ছাত্রীকে সরিষাবাড়ী উপজেলার তার মামা হাফিজুর রহমানের বাড়িতে রাখা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের স্ত্রী কানিজ ফাতেমা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে তার স্বামীর অনৈতিক সম্পর্কের কারণে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। এ বিষয়ে প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তালাক দেওয়া হয়। তিনি বর্তমানে আদালতে মামলা করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপনে বিয়ে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে শিক্ষক মুশফিকুর রহমান লিটন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এলাকাবাসীর চাপে তিনি ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন বলেও জানান।

যমুনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন,
“বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আগে বিষয়টি জানতেন না। এলাকাবাসীর অভিযোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে আপাতত তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিমুজ্জামান বলেন, বিষয়টি তার জানা ছিল না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 27 = 35