Tuesday, November 10

ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। এসব আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ১৩টি আসনে মোট চূড়ান্ত প্রার্থী রয়েছেন ১৩৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১০ জন। এবারের নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ১১৯টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে, যার মধ্যে ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা জানিয়েছিলেন তাসনিম জারা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, “আমি কয়েক দিন ধরে ভোটারদের সঙ্গে কথা বলার সময় বারবার শুনেছি—আমার প্রতীক কী, ব্যালট পেপারে কোন প্রতীক থাকবে। আজ সেই প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া গেল। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন জানিয়ে তিনি বলেন, “আমরা যে স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি দেখতে চাই, তার ভিত্তিতেই আমাদের প্রচারণা চলবে। সবার দোয়া ও শুভকামনা চাই।”

উল্লেখ্য, তাসনিম জারা এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে তিনি দলটি ছাড়েন।

পরবর্তীতে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
38 − 32 =