ঢাকা, ২০ জানুয়ারি:
আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি জানান, বর্তমানে ১৯৬ আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও দুজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং থাকায় মোট ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির।
জিএম কাদের বলেন, “জাতীয় পার্টির ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। এর মধ্যে ছয়জন নারী প্রার্থী রয়েছেন। পরবর্তী সময়ে আরও দুই-তিনজন বৈধ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।”
নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে এবং নানামুখী কৌশলে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, দলটি সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাচ্ছে না।
প্রস্তাবিত সংস্কার প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, “স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হয়েছে। তাঁর হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যক্তিক্ষমতা না দিলে দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব নয়।”
গণভোট প্রসঙ্গে জিএম কাদের বলেন, “এই গণভোট সংবিধানবিরোধী ও অবাস্তব। এটি বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।” এ কারণেই তিনি জনগণকে আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

