ঢাকা, ২০ জানুয়ারি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবেন। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে তুলে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তা ধৈর্য ধরে সহ্য করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, “আমি আজ আমার মনের কিছু কথা প্রকাশ করলাম। আজকেই প্রথম, আজকেই শেষ। এরপর আর কোনো কথা বলব না।”
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমার বাড়ি ঢাকা ও শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে। আমি ঠিকানাবিহীন কেউ নই। আমি এই দেশের একজন কর্মী।”
মির্জা আব্বাস আরও বলেন, এই দেশ স্বাধীন করা থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যা যা করা প্রয়োজন, তা তিনি করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত তা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

