Tuesday, November 10

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন ও ভাতার সুপারিশ সংবলিত প্রতিবেদন আজ বুধবার বিকেল ৫টায় জমা দেবে বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তবে প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার আগে এর বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

কবে কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামো

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। আর পুরো কাঠামো কার্যকর করার সুপারিশ করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, প্রতিবেদনের বিভিন্ন দিক প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করবেন বেতন কমিশনের চেয়ারম্যান।

কত বাড়তে পারে বেতন

সূত্র জানায়, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। অপরদিকে, সর্বোচ্চ ধাপে বর্তমানে ৭৮ হাজার টাকা বেতন থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার কথাও উল্লেখ রয়েছে। এতে নিচের দিকের কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অতিরিক্ত ব্যয় ও বাজেট প্রস্তুতি

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন–ভাতা খাতে ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পটভূমি

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান।

ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারী এখনো ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন।

Leave A Reply


Math Captcha
22 + = 32