ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৭ জানুয়ারি সরাইলের ইসলামাবাদ এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে না।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী দলের কর্মী–সমর্থকেরা নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আসছে। ওই পরিস্থিতিতে তিনি শুধু তাদের আচরণ প্রকাশের উদ্দেশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন বলে জানান। এ কারণে জেলা প্রশাসক (ডিসি) তাঁর বিরুদ্ধে কোনো চিঠি ইস্যু করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “যে ইউএনও অফিস একটি চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারে না কিংবা একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তারা কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে—এ প্রশ্ন থেকেই যায়।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনে সমান মাঠ নিশ্চিত করার দাবি জানান।

