নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ভোটের মাঠে ফিরেছেন বাছাইয়ে বাদ পড়া ৭২৩ প্রার্থীর অর্ধেকেরও বেশি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৪২৫ জন, যা বাদ পড়া প্রার্থীর প্রায় ৫৮ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২৬৩ জন এবং স্বতন্ত্র ১৬২ জন প্রার্থী রয়েছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলে বৈধ বিবেচিত প্রার্থীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে।
এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। একই দিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
আপিলে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বড় অংশ ফিরলেন
রোববার শেষ হওয়া ইসির ৯ দিনের আপিল শুনানিতে বাছাইয়ে বাদ পড়া ৮২ জন ঋণখেলাপির মধ্যে অধিকাংশ প্রার্থী প্রার্থিতা ফিরে পান। এ তালিকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দুইজন করে প্রার্থীসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাছাইয়ে বাদ পড়া ২৬ জনের মধ্যে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপির ১০, জামায়াতে ইসলামীর ৫, জাতীয় পার্টির ২, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১, ইসলামী আন্দোলনের ২, খেলাফত মজলিসের ১ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তিনজনের প্রার্থিতা বাতিল বহাল থাকে।
তবে সংবিধানে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ থাকলেও নাগরিকত্ব ত্যাগের আবেদন ও ফি জমার প্রমাণ দেখিয়ে প্রার্থিতা ফেরত পাওয়ায় ইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সচেতন নাগরিক মামুন হাওলাদার। তিনি এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন।
বিএনপি জোটে দুই আসন প্রার্থীশূন্য
বিএনপি এবারের নির্বাচনে ২৯২টি আসনে নিজস্ব এবং আটটি আসনে শরিক দলগুলোকে ছাড় দিয়ে মোট ৩০০ আসনে প্রার্থী দেয়। দলটি বিকল্প প্রার্থীসহ মোট ৩৩১টি মনোনয়নপত্র দাখিল করেছিল।
ইসির শুনানিতে বিএনপির চারজন প্রার্থী চূড়ান্তভাবে বাদ পড়েন। এর মধ্যে যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী থাকায় সংকট না থাকলেও কুমিল্লা-৪ ও চট্টগ্রাম-২ আসনে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত দুটি আসন প্রার্থীশূন্য রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
জামায়াত ও শরিক জোটে সংকট নেই
জামায়াতে ইসলামী ২৭৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। বাছাইয়ে বাদ পড়া সব প্রার্থীই আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শরিক এনসিপির একমাত্র দ্বৈত নাগরিকত্বে বাদ পড়া প্রার্থীও আপিলে বৈধ হন। ফলে জামায়াত ও তাদের জোটে প্রার্থিতা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন দলীয় নেতারা।
জাপা ও সিপিবি সবচেয়ে বেশি লাভবান
আপিল শুনানিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জাতীয় পার্টি। বাছাইয়ে বাদ পড়া ৪৪ জনের মধ্যে ৩৬ জন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। উচ্চ আদালতে রিট করে আরও কয়েকজন বৈধ হয়েছেন। বর্তমানে দলটির বৈধ প্রার্থী রয়েছে ১৯৫টি আসনে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাছাইয়ে বাদ পড়া ২৫ জনের মধ্যে ২০ জনের প্রার্থিতা আপিলে ফিরে পেয়েছে। ফলে দলটিও তুলনামূলকভাবে লাভবান হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ইসির ‘উদারতা’
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বাছাইয়ে ব্যাপক সংখ্যক মনোনয়ন বাতিল হলেও আপিলে বড় অংশ ফেরত পেয়েছেন। ২৫৮ জন আপিলকারীর মধ্যে ১৬২ জনের প্রার্থিতা বহাল রাখা হয়। ইসি জানিয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটার সমর্থনের বিষয়টি শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন,
‘আমরা কোনো পক্ষপাত করিনি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই বলেই কিছু ক্ষেত্রে উদারতা দেখানো হয়েছে। সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

