Tuesday, November 10

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে আগুনে অন্তত ৪০০ থেকে ৫০০টি বসতঘর পুড়ে গেছে। রাত প্রায় ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা নিরাপদ স্থানে আশ্রয় নেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যে অন্তত ৪০০ থেকে ৫০০টি ঘর পুড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। তার আগের দিন, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে রোহিঙ্গাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1