Tuesday, November 10

বরগুনা, ১৭ জানুয়ারি:
বরগুনার পাথরঘাটা পৌর শহরের জামায়াতের আমির বজলুর রহমানকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। শনিবার সকালে শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার মালিকানাধীন ফার্মেসি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বজলুরকে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় একাধিক সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তারের পাশাপাশি শুক্রবার গভীর রাতে পাথরঘাটা পৌর ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন—রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম (৫৮), হৃদয় মোল্লা (১৯), ইমরান মোল্লা (১৮), এমদাদুল হক (৩০), মো. ওমরসানী (৩০), মো. মুন্না (২৪), মো. নাসির (২২), মো. মোস্তফা (৪০), তোয়া ইব্রাহিম (৩২), পাথরঘাটা পৌর জামায়াতের সদস্য মো. নাসির চৌধুরী এবং ছাত্রশিবির নেতা আব্দুর রহমান।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত ১৩ জানুয়ারি সন্ধ্যার পর চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর সেলিম বেপারীর স্ত্রী শাহানাজ পারভীন পাথরঘাটা থানায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেন। বজলুর রহমান ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদ জানান, সংঘর্ষের ঘটনায় তাদের পক্ষ থেকেও থানায় মামলা করা হয়েছিল। পাল্টাপাল্টি মামলার পর প্রশাসন বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছে। তবে বিএনপির বরগুনা-২ মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম মনিরের বক্তব্য জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave A Reply


Math Captcha
38 − 35 =