Tuesday, November 10

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনাকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন মানবপাচারকারী এবং রাজমিস্ত্রির কাজে ব্যবহারের উদ্দেশ্যে ভারতে নেওয়ার জন্য তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি রাত ১২টার দিকে নিশ্চিত করে বিজিবি।

আটকরা হলেন— বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন (মানবপাচারকারী), রংপুরের মিঠাপুকুর থানার সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে তারাজুল ইসলাম, রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়মারা আসাম কলোনীর মৃত বেলায়েত হোসেনের ছেলে শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার চাঁদপুর লহলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মিজানুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মানবপাচারকারী মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের জন্য ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 3