Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাসনূভা জাবীন তাঁর নির্বাচনী অনুদানের একটি বড় অংশ ফেরত দিয়েছেন। ইতোমধ্যে তিনি মোট অনুদানের প্রায় ৫৭ শতাংশ, অর্থাৎ ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত সম্পন্ন করেছেন।

আজ বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তাসনূভা জাবীন লেখেন,
“নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭ শতাংশ টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। বাকি যাদের টাকা আছে, বিশেষ করে ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত অনুদান ফেরত দিতে ডোনারদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি জানান, যাদের অনুদানদাতা হিসেবে শনাক্ত করা গেছে, তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হয়েছে। বিকাশে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত যারা অনুদান পাঠিয়েছিলেন, তাদের অধিকাংশকেই ফেরত দেওয়া হয়েছে।

এনসিপির সাবেক এই নেত্রী আরও বলেন, যেসব অনুদান রেমিট্যান্সের মাধ্যমে পাঠানো হয়েছে, সেগুলো ফেরত দিতে স্থানীয় ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন। দ্রুত টাকা ফেরত দিতে অনুদানদাতাদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুদান ফেরত দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাসনূভা জাবীন লেখেন,
“অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে ফোনে কথা হয়েছে। এমন একজনকেও পাইনি, যিনি টাকা ফেরত চেয়েছেন। সবাই আমাকে শুভকামনা জানিয়েছেন ও সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি বলেন, যারা অনুদান পাঠিয়েছেন কিন্তু এখনো ফেরত পাননি, তারা নির্ধারিত ফর্ম পূরণ করলে সহজেই অর্থ ফেরত দেওয়া যাবে।

Leave A Reply


Math Captcha
+ 53 = 62