Tuesday, November 10

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেখানে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।

পুলিশ জানায়, পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাগর আলী (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামের বাবা।

পুলিশের তথ্যমতে, গত ১০ জানুয়ারি দুপুরে মো. রাসেল নামের এক স্থানীয় ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আরিফুল ইসলাম ও তাঁর সহযোগীরা। আহত রাসেল বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ১১ জানুয়ারি রাসেলের পরিবার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল গতকাল বিকেলে দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাঁকে থানায় নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত এক পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply


Math Captcha
63 + = 69