চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের নামে মামলা করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।
গত ১১ জানুয়ারি রাতে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।
অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এজাহারে কর্নেল অলি আহমদ ছাড়াও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন সভাপতি আনিস উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন সভাপতি রিয়াদ কামাল, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন জামাল, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, ইকবাল হোসেন, মোহাম্মদ আরিফ উদ্দিন, মো. রনি ও এইচ এম রেজাউল করিম। অভিযোগে বলা হয়েছে, আসামিদের মধ্যে কয়েকজন চট্টগ্রাম-১৪ আসনের বাইরের, বিশেষ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বাসিন্দা।
এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্নেল অলি আহমদ ও তাঁর দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। দায়িত্ব না ছাড়লে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন দলীয় কর্মী ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিকে নিয়ে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পুরানগড় ইউনিয়নে আয়োজিত একটি দোয়া মাহফিলে যোগ দেন। রাত প্রায় ১১টার দিকে দোয়া মাহফিল শেষে মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে ফেরার পথে বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, কর্নেল অলির নির্দেশে এলডিপির অর্ধশতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও গুলি ছোড়ে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কর্নেল অলি আহমদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল অভিযোগ অস্বীকার করে বলেন,
‘রাজুর গাড়িতে কথিত হামলার সঙ্গে এলডিপি বা জামায়াতসহ ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়। অভিযোগে এমন ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে, যারা ঈদের সময়ও এলাকায় আসেন না এবং ঢাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকেন।’
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন,
‘এম এ হাশেম রাজু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

