Tuesday, November 10

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তে মায়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (আজ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এনে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী হিসেবে উল্লেখ করে।

বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মায়ানমারকেই নিতে হবে। ভবিষ্যতে যেন কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ ছাড়া মায়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেয় বাংলাদেশ।

এসময় মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Leave A Reply


Math Captcha
2 + 5 =