নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বাইরে উৎকণ্ঠা আর কান্নার পরিবেশ। কেউ প্রার্থনায় মগ্ন, কেউ ফুঁপিয়ে কাঁদছেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ৯ বছরের শিশু হুজাইফা আফনানের সর্বশেষ খবর জানার অপেক্ষায় স্বজনদের এমনই চিত্র দেখা গেছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এই দৃশ্য দেখা যায়। কিছুক্ষণ পর আইসিইউ থেকে বেরিয়ে আসেন শিশুটির চাচা মোহাম্মদ এরশাদ। ক্লান্ত মুখে স্বজনদের জানান, হুজাইফার অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা। সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে।
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ বলেন, “শনিবার সারা রাত সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দে আতঙ্ক ছিল। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় আমি বাইরে বের হই। কিছুক্ষণ পর ভাতিজি খেলতে বের হয়। সে সড়কের কাছে গেলে হঠাৎ আবার ওপার থেকে গুলি ছোড়া হয়। একটি গুলি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়।”
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন হুজাইফার আরেক চাচা শওকত আলী। তিনি শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ বলেন, “ভোর ৪টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। গুলিটি মস্তিষ্কের ভেতরে থাকায় বের করা ঝুঁকিপূর্ণ, তাই তা অপসারণ করা হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।”
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মংডু টাউনশিপের আশপাশে তিন দিন ধরে সরকারি জান্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান ও ড্রোন হামলা জোরদার করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠীর সঙ্গে স্থল সংঘর্ষ চলছে। এতে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।
ওপারের বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো। গুলি এসে পড়ছে লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে—যা সীমান্তবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

