ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেলে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী–ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌর সদরের সোতাশি এলাকায় (ধলা হুজুরের বাড়ির নিকট) এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে দুর্ঘটনা
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি লেভেলক্রসিং অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মারা যান।
নিহত ও আহতরা
নিহতরা হলেন—
- জনতা জুট মিলের শ্রমিক ও ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা,
- একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
আহত ১০ জন শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বিলায়েত হোসেন বলেন,
“বাড়ির সামনেই দুর্ঘটনাটি ঘটে। দুপুরে খাবার খেতে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ট্রেনের সঙ্গে পিকআপের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা যান।”
প্রশাসনের বক্তব্য
খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,
“কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি লেভেলক্রসিং এলাকায় দুর্ঘটনায় পড়ে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের দাবি
দীর্ঘদিন ধরে সোতাশি লেভেলক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

