খুনের শহর হিসেবে পরিচিত বগুড়ায় বছরজুড়ে আতঙ্ক থাকলেও পরিসংখ্যানে হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে জেলায় মোট ৫৭টি খুন সংঘটিত হয়েছে, যা আগের বছর ২০২৪ সালের তুলনায় ৩৮টি কম। ২০২৪ সালে বগুড়ায় খুন হয়েছিল ৯৫টি।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৭৭টি, ২০২২ সালে ৮৯টি এবং ২০২১ সালে ৮২টি হত্যাকাণ্ড ঘটেছে। এ হিসাবে গত পাঁচ বছরে বগুড়ায় মোট ৪০০টি খুনের ঘটনা ঘটেছে।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় খুনের সংখ্যা কমলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তুচ্ছ ঘটনা, সামাজিক আধিপত্য বিস্তার, মাদক, পারিবারিক কলহসহ নানা কারণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হঠাৎ অপরাধের মাত্রা বাড়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
থানাভিত্তিক পরিসংখ্যান
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বগুড়া জেলার ১২টি উপজেলায় মোট ৫৭টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বগুড়া সদর এলাকায় সবচেয়ে বেশি—১৪টি।
এছাড়া শাজাহানপুরে ৭টি, শেরপুরে ৭টি, শিবগঞ্জে ৪টি, গাবতলীতে ৪টি, দুপচাচিয়ায় ৪টি, নন্দীগ্রামে ৪টি, সারিয়াকান্দিতে ৩টি, কাহালুতে ৩টি, ধুনটে ৩টি, আদমদিঘীতে ২টি এবং সোনাতলায় ২টি হত্যাকাণ্ড ঘটেছে।
একই সময়ে জেলায় ১৪টি ডাকাতি ও ৩৫টি দস্যুতার ঘটনাও নথিভুক্ত হয়েছে।
আলোচিত হত্যাকাণ্ড
২০২৫ সালে বগুড়ায় সংঘটিত কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে—
- ১ মার্চ সদর উপজেলার সাবগ্রামে ঘরে ঢুকে আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে সকিনা (৩৫)-কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা।
- ১৫ জুন স্কুলছাত্রী মেয়েকে বিয়ে করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাকিল আহমেদ (৪০) হত্যাকাণ্ড।
- ১৬ জুলাই ইসলামপুর হরিগাড়ীতে রাতে ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা।
- ১৬ সেপ্টেম্বর শিবগঞ্জে কুয়েতপ্রবাসীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান হোসেনকে হত্যা।
- ২৮ অক্টোবর শহরের সেউজগাড়ীতে হাবিবুর রহমান খোকন (৩৫) হত্যাকাণ্ড।
- ৬ নভেম্বর কাহালুতে নেশার টাকার জন্য সৎ বাবাকে হত্যা।
- ২৫ নভেম্বর শাজাহানপুরে ছুটিতে আসা এক সেনাসদস্যের বাসা থেকে তার দুই সন্তানের গলাকাটা লাশ ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ
বগুড়ার বিশিষ্ট আইনজীবী আব্দুল ওহাব বলেন, “নাগরিকের জানমাল রক্ষার অধিকার সংবিধান স্বীকৃত। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাঠ পর্যায়ে পুলিশের সক্রিয়তা কমে যাওয়ায় অপরাধীরা বিচারহীনতার সুযোগ নিচ্ছে।”
সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন, সামাজিক অবক্ষয় ও অস্থিরতাই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এ দায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না। খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পুলিশের বক্তব্য
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান ইসলাম বলেন, রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক বিরোধসহ নানা কারণে হত্যাকাণ্ড ঘটছে। অধিকাংশ ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তবে শুধু পুলিশ দিয়ে অপরাধ দমন সম্ভব নয়—সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে এবং দ্রুত অপরাধ কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

