Tuesday, November 10

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (গতকাল) বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন— দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতা, অপরাধ ও বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছিলেন। অভিযুক্ত আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল ও সুখেনসহ কয়েকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সখ্য গড়ে জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের দাবি।

ভুক্তভোগীরা জানান, গত বছরের ৫ আগস্টের পর একটি মামলায় অভিযুক্ত আফজাল হোসেন গ্রেপ্তার হন। ওই ঘটনার সংবাদ প্রকাশ করেন রাশেদুল ইসলাম ও তার সহকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল।

রাশেদুল ইসলাম জানান, রোববার সকালে তিনি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে দক্ষিণবাগ এলাকায় নিজের একটি জমি দেখতে যান। এ সময় আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল ও সুখেনসহ অজ্ঞাতপরিচয় আরও ৪–৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা লোহার পাইপ দিয়ে দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
73 + = 79