ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সমাবেশ আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো প্রার্থী বা তাদের পক্ষে অন্য ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশসহ বিভিন্ন কর্মসূচির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মসূচির জন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে এসব ভেন্যু ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এমন পরিস্থিতিতে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে বলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

