Tuesday, November 10

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই—এই দেশ পরিবর্তন করেছে সাধারণ মানুষ, কোনো নেতা বা জমিদার নয়।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন,
‘৫২–এর ভাষা আন্দোলন কোনো নেতা করেননি। সেই আন্দোলন করেছে কিছু ছাত্র আর সাধারণ খেটে খাওয়া মানুষ। যাদের মধ্যে আমার বাবা ছিলেন অন্যতম। তাদের আত্মত্যাগেই ভাষা আন্দোলনে গণমানুষের দাবি জয় লাভ করেছিল।’

তিনি আরও বলেন,
‘একইভাবে মহান মুক্তিযুদ্ধেও সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলেই জনগণের আকাঙ্ক্ষা বিজয় অর্জন করে। যুগে যুগে ইতিহাস সাক্ষী—মানুষ যা চেয়েছে, সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান—সবই সাধারণ মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আছে।’

২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রুমিন বলেন,
‘৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমাকে ছাড়া আমার দলের আর কোনো নেতাকে দেখেনি। তাই আমি বলি—“যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।”’

তিনি বলেন,
‘আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর কিংবা কোনো স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবনকে বাজি ধরেছি।’

হুমকি নয়, সতর্কবার্তা

রুমিন ফারহানা বলেন,
‘যারা কিছুদিন আগেও কচুক্ষেতের তলায় ছিল, হ্যাজাক বাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারাই আজ আমার নেতাকর্মীদের মামলা দিয়ে ভয় দেখায়। মাত্র ১৫ মাসে এত চর্বি হয়েছে যে তারা হুমকি দিতে শুরু করেছে।’

তিনি সতর্ক করে বলেন,
‘আমি হুমকি দিতে চাই না। বিনীতভাবে অনুরোধ করব—আমার একজন নেতাকর্মীর গায়ের একটি পশমেও হাত দিলে তার জবাব দিতে হবে।’

নির্বাচন নিয়ে দৃঢ় অবস্থান

নির্বাচন প্রসঙ্গে রুমিন বলেন,
‘আমি শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও কখনো ভয় পাইনি। আর এখন অন্তর্বর্তী সরকারের ওয়াদা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। ব্যালটবাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। তাই কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গায়ে হাত দেওয়ার আগে আমার মতো প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে।’

দোয়া ও উপস্থিতি

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

প্রেক্ষাপট

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Leave A Reply


Math Captcha
35 − = 34