Tuesday, November 10

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন। হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান বলেন,
‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে আমাদের সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’

তবে ভোটের প্রচার কৌশল নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, দলের নির্বাচনী প্রচারণার সূচনা হবে সিলেটে। এদিন তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।

এ সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেবেন এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির দলীয় ঐতিহ্য অনুযায়ী, হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করা হয়ে থাকে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়। ওইদিনই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
66 − = 57