মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আফনান ওরফে পুতুনি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফনান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে অন্তত এক ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলি হয়। একপর্যায়ে একটি সশস্ত্র গোষ্ঠী শূন্যরেখার দিকে পিছু হটে অবস্থান নিলে সকাল ৯টার দিকে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ অংশের একটি বসতঘরে আঘাত হানে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি চলছিল। এর মধ্যেই ওপার থেকে আসা গুলিতে এক শিশু নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া গোলাগুলি আজ ভোরে থামলেও এর মধ্যে একটি শিশু নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তের ওপারে গোলাগুলির খবর তারা পেয়েছেন। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং নতুন করে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এবং সড়ক অবরোধ প্রত্যাহারে প্রশাসন কাজ করছে।

