বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব গ্রহণ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই।
সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, “চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যেন সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করেছেন।”
মির্জা ফখরুল জানান, সভায় নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের পূর্বনির্ধারিত সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে ব্যাহত করার লক্ষ্যে বিভিন্ন মহল নানাভাবে চক্রান্ত করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সদস্যসচিব মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হবে।” তিনি নির্বাচন সুষ্ঠু রাখতে সরকার ও নির্বাচন কমিশনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে এবার দলীয়ভাবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। এর ফলে এখন থেকে তিনি ‘চেয়ারম্যান’ পদবি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করতে পারবেন।
এদিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ৭(চ) অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হন, সে ক্ষেত্রে তিনি কেবল নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে ব্যবহার করতে পারবেন। এসব ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং কোনো অনুষ্ঠান বা জনসভায় নেতৃত্বদান বা প্রার্থনারত ভঙ্গিমায় প্রদর্শন করা যাবে না। পোস্টারে ছবি ব্যবহারের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। এরপর থেকেই তার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হয়ে আসছে। চলতি বছরের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

