ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হচ্ছে আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আপিল করার শেষ দিন গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত টানা এই শুনানি চলবে বলে জানিয়েছে কমিশন।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী—
- শনিবার (১০ জানুয়ারি): ১ থেকে ৭০ নম্বর আপিল
- রবিবার (১১ জানুয়ারি): ৭১ থেকে ১৪০ নম্বর আপিল
- সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল
- মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর আপিল
পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে মনোনয়নপত্র বাছাইয়ে সারা দেশে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। রাত সাড়ে ৯টার দিকে ইসি জানায়, ওই দিন একদিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। সব মিলিয়ে পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা হয়।
ইসি সূত্র জানায়, মনোনয়নপত্রে থাকা ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়া হয়েছিল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী,
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
- নির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারি

