অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। তবে এই সময়ে যতটুকু সম্ভব করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো ভয় নেই।”
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত দু’দিনব্যাপী জাতীয় পরিবেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সরকারের স্বল্প মেয়াদের কারণে নির্বাচনের জন্য অপরিহার্য সংস্কারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাগরিক প্রতিনিধিদের নিয়ে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। তবে পরিবেশ ইস্যু উপেক্ষিত—এমন অভিযোগ সঠিক নয়।
তিনি জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন পৃথক পরিবেশ ক্যাডার গঠনের সুপারিশ করেছে এবং সংবিধান সংস্কার কমিশন পরিবেশকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। তবে স্বল্প মেয়াদে এসব বাস্তবায়ন সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা সংস্কার, নদ-নদী ও জলাশয় সুরক্ষা এবং বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা সহ-সভাপতি ও বেন-এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।
ড. নজরুল ইসলাম বলেন, পরিবেশ সংস্কার বিষয়ে আলাদা কমিশন না হওয়া একটি বড় ঘাটতি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
বেন-এর বৈশ্বিক সমন্বয়কারী ড. মো. খালেকুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবেশ সুরক্ষা সম্ভব নয়। সরকার ও বেসরকারি উদ্যোগের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দুই দিনের সম্মেলনে পানি, জ্বালানি, নগরায়ন, পরিবহন, কৃষি, দূষণ, বন ও উপকূলসহ ৭টি গুরুত্বপূর্ণ পরিবেশ ইস্যুতে বিশেষজ্ঞ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি প্রায় ৫ শতাধিক প্রতিনিধি ও ১১৭ জন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

