মাগুরার মহম্মদপুর উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সানি (২০) ও মো. স্বাধীন (২২)।
ভুক্তভোগী নারী উপজেলার বালিদিয়া ইউনিয়নের একজন সৌদিপ্রবাসী ব্যক্তির স্ত্রী। অভিযোগ অনুযায়ী, তিনি সোমবার (৫ জানুয়ারি) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন।
থানায় করা মামলার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় রাত আনুমানিক ১১টার দিকে তিনি মহম্মদপুর থানাধীন গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড় এলাকায় গাড়ি থেকে নামেন। এ সময় সেখানে আগে থেকেই ওত পেতে থাকা গোপালপুর গ্রামের মো. সানি, মো. স্বাধীন, মো. রুবেল ও মো. সুমন জোরপূর্বক তাকে ধরে নিয়ে যান।
অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে সানির মালিকানাধীন একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি মহম্মদপুর থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুরো ঘটনা অবহিত করেন এবং চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

