Tuesday, November 10

ডেস্ক রিপোর্ট:
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

গত বছরের জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেকে এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন এবং সে সময় তিনি কলকাতায় অবস্থান করছেন বলেও জানান।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর প্রায় তিন মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত তিন মাস পর, ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি হলে তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার প্রসঙ্গ আসতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন ওবায়দুল কাদের। এর আগে তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
58 − 51 =