আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরও যদি দেশটির প্রশাসনের অবশিষ্ট সদস্যরা দেশকে ‘ঠিক করার’ তাঁর প্রচেষ্টায় সহযোগিতা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর দ্বিতীয় দফা সামরিক হামলা চালাতে পারে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য লাতিন আমেরিকায় আরও মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এ সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ কমাতে ব্যর্থ হলে কলম্বিয়া ও মেক্সিকোকেও সামরিক পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। তিনি বলেন,
‘অপারেশন কলম্বিয়া—শুনতে আমার কাছে ভালোই লাগে।’
ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ ছাড়াই ‘নিজে নিজেই পতনের পথে’ রয়েছে বলে মনে হচ্ছে।
মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং সোমবার মাদক মামলায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে তাঁর আটক হওয়ায় তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ট্রাম্প আরও বলেন, নতুন সরকার বসানোর জন্য তাৎক্ষণিক নির্বাচন চাপিয়ে দেওয়ার পরিবর্তে তাঁর প্রশাসন মাদুরো সরকারের অবশিষ্ট সদস্যদের সঙ্গে কাজ করবে। এর লক্ষ্য হবে মাদক পাচার দমন এবং ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠন।

