Tuesday, November 10

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকালে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা মাহদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে থানার সামনে অবস্থান নেয়।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সদর থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে রাতেই মাহদী হাসানকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘ওসমান হাদি সারা বাংলাদেশে জন্মেছেন, আর মাহদী হবিগঞ্জের হাদি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের জানিয়েছে, সন্তোষ হত্যার কোনো মামলায় মাহদীকে গ্রেপ্তার করা হয়নি। থানায় সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। যেহেতু ৫ আগস্টের ঘটনায় কোনো মামলা চলবে না, তাই এই মামলায় তাকে গ্রেপ্তার করার সুযোগ নেই। আমরা আশা করছি, মাহদী জামিনে মুক্তি পাবেন এবং তখন আনন্দ মিছিল করা হবে। ততক্ষণ সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
16 + = 25