আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, শামা ওবায়েদ একসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশেরই নাগরিক ছিলেন। তবে গত বছরের ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
হলফনামায় তাঁর বয়স উল্লেখ করা হয়েছে ৫২ বছর ৭ মাস ১৫ দিন। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে স্নাতক (কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং)। পেশা হিসেবে তিনি নিজেকে একজন ব্যবসায়ী উল্লেখ করেছেন। তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)-এর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের তথ্য দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, শামা ওবায়েদের বিরুদ্ধে মোট ১৮টি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। ২০২৫ সালে ৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং আরও ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। একটি হত্যা মামলা এখনো তদন্তাধীন রয়েছে।
২০২৫ সালের হলফনামায় শামা ওবায়েদ তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরির সম্মানী বাবদ ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা এবং সম্মানী ভাতা বাবদ ৯৬ হাজার টাকা।
অন্যদিকে, ২০১৮ সালের নির্বাচনে দাখিল করা হলফনামায় তাঁর মোট আয় ছিল ৩০ লাখ ৬ হাজার ৮২৫ টাকা। অর্থাৎ সাত বছরের ব্যবধানে তাঁর আয় কমেছে ৮ লাখ ১৭ হাজার ৭৫৪ টাকা। তবে আয় কমলেও সম্পদের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
২০১৮ সালে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ২৮৭ টাকা। ২০২৫ সালের হলফনামায় অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। অর্থাৎ সাত বছরে অস্থাবর সম্পদ বেড়েছে ২ কোটি ৯ লাখ ৩ হাজার ৫১৯ টাকা।
এই সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা, শেয়ার, বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা, একটি জিপ গাড়ি (৩০ লাখ টাকা) এবং ৫০ তোলা সোনা, যার মূল্য উল্লেখ করা হয়নি।
স্থাবর সম্পদের ক্ষেত্রে ২০২৫ সালের হলফনামায় তাঁর স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪৫০ শতাংশ অকৃষি জমি (মূল্য উল্লেখ নেই) এবং ঢাকার বনানীতে ৩ হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাট।
২০১৮ সালের হলফনামায় তাঁর মোট স্থাবর সম্পদের পরিমাণ ছিল ৭ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। হিসাব অনুযায়ী সাত বছরে তাঁর স্থাবর সম্পদ কমেছে প্রায় ১০ লাখ টাকা।
ঋণের তথ্যেও পরিবর্তন দেখা গেছে। ২০১৮ সালে তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংক থেকে মোট ৩ কোটি ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চলতি বছরের হলফনামায় তাঁর নামে কোনো ঋণ দেখানো হয়নি, যা থেকে বোঝা যায় এই ঋণ পরিশোধ করা হয়েছে।
হলফনামায় তিনি তাঁর স্বামী মুস্তাজিরুল শোভন ইসলাম ও পুত্র আরভীন ওবায়েদ ইসলামকে নির্ভরশীল হিসেবে উল্লেখ করেছেন। স্বামীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৮৮ লাখ ৮৬ হাজার ৪১৮ টাকা। তাঁর অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১৭ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮০ টাকা এবং বর্তমান মূল্য ১৭ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৮০ টাকা। এছাড়া স্বামীর নামে ফ্ল্যাট কেনা বাবদ ১ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৯৬৪ টাকার ব্যাংক ঋণ রয়েছে।

