Tuesday, November 10

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে দোলা লিখেছেন, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি এনসিপির সঙ্গে যুক্ত ছিলাম এই বিশ্বাসে যে, দলটি জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে। কিন্তু সাম্প্রতিক নানা সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়েছে, এনসিপি পুরোপুরি ডানপন্থী রাজনৈতিক ধারায় প্রবেশ করেছে এবং সেই ধারাকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।’

এনসিপি ও জামায়াতের নির্বাচনকেন্দ্রিক জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জোট কোনো কৌশলগত জোট নয়। যদি তাই হতো, তাহলে এত নেতাকর্মী একযোগে পদত্যাগ করতেন না। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে তীব্র প্রতারণা করা হয়েছে।’

জুলাই আন্দোলন ও জনতার প্রত্যাশার কথা উল্লেখ করে দোলা আরও লেখেন, ‘জুলাইয়ের জনতার কাছে এনসিপির বড় দায় রয়েছে। অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এনসিপির ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছিল, তা গত কয়েক মাসে চূর্ণবিচূর্ণ হয়েছে। আমি মনে করি, আসন্ন কঠিন সময়ে জনতা এনসিপিকে এর সমুচিত জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘এনসিপি হাজারো জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে এসেছিল। ধর্মীয় রাজনীতিকে সামনে এনে রাজনীতি করার জন্য শহীদেরা জীবন দেননি। মনে রাখা দরকার, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি।’

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অন্তত ১০ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।

Leave A Reply


Math Captcha
8 + 1 =