বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করে বলেছেন, “মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।” তিনি দাবি করেন, বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরেও শেখ হাসিনা একজন নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তাকে অবিলম্বে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।
শনিবার (৩ জানুয়ারি) ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, বাংলাদেশের নাগরিকদের হত্যা করে গণতন্ত্রকামী মানুষদের জীবন বিপন্ন করে হত্যাকারীরা নির্বিঘ্নে ভারতে আশ্রয় নিচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে দেবে।
ওসমান হাদীর হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সীমান্তের ওপার থেকে এসে ভারতের অর্থ ও পরিকল্পনার সহায়তায় তাকে হত্যা করা হয়েছে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যাকারীকে পুনরায় ভারতে পাচার করে দেয়—এতে জনমনে গভীর সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের সময়কে ঘিরে আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আশঙ্কা রয়েছে এবং এ ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত, তুজমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

