আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ শনিবার। এ কার্যক্রম চলবে আগামীকাল রোববার পর্যন্ত। গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরগুলো মনোনয়ন যাচাইয়ে ব্যস্ত সময় পার করেছে।
নির্বাচনে এবার ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে এখন পর্যন্ত অন্তত ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া দলীয় প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৯ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের। এছাড়া জাতীয় পার্টির (জাপা) ৮ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে—হলফনামায় তথ্যের অসংগতি, ঋণ খেলাপি হওয়া, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিলসহ নানা বিধিভঙ্গ। গত বৃহস্পতিবার ও শুক্রবার এসব সিদ্ধান্ত জানানো হয়।
বাতিল হওয়া দলীয় প্রার্থীদের মধ্যে আরও রয়েছে—গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী।
এদিকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীদের অধিকাংশই স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির অন্তত আটজন নেতাও রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

