রাজধানী ঢাকায় আজ তীব্র শীত অনুভূত হচ্ছে। সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। তবে এমন শীতল আবহাওয়ার মধ্যেও ঢাকার বাতাস আজ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টা ১৩ মিনিটে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২৮০ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে ২৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে আফগানিস্তানের কাবুল। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ভারতের কলকাতা ২৫৫ স্কোর নিয়ে তৃতীয় এবং দিল্লি ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এসব শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এ ছাড়া ১৬৭ স্কোর নিয়ে চীনের হ্যাংজু শহর পঞ্চম অবস্থানে উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় বা মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বায়ুদূষণ হিসেবে গণ্য করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত বাতাস শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

