Tuesday, November 10

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর জীবনের এক গভীর শোকের মুহূর্তে তিনি তাঁর মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে, যা দেশের মানুষের জন্যও ছিল একটি ঐতিহাসিক বিদায়। এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (আজ) সকাল ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কৃতজ্ঞতা জানান। তাঁদের দায়িত্ববোধ ও ধৈর্যের কারণে লক্ষাধিক মানুষ নিরাপদে জানাজায় অংশ নিতে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।
চোখের আড়ালে দায়িত্ব পালনকারী ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের সতর্কতা ও পেশাদারিত্বে পুরো আয়োজন নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিকেও তাঁর মায়ের প্রতি আন্তর্জাতিক সম্মানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জানাজা ও দাফনের খবর বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন।
সবশেষে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় শোকের এই সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতা তাঁর পরিবারের জন্য অমূল্য সমর্থন হয়ে উঠেছে।
তারেক রহমান বলেন, “প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে আপনারা যে সহানুভূতি, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আলহামদুলিল্লাহ—আপনাদের কারণেই আমরা মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছি।”

Leave A Reply


Math Captcha
37 − 32 =