Tuesday, November 10

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেলে জানাজা শেষে রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

দাফনকাজে সবার আগে কবরে নামেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বিকেল সোয়া ৪টার দিকে দাফনের কার্যক্রম শুরু হয় এবং সাড়ে ৪টার কিছুক্ষণ পর তা সম্পন্ন হয়।

এর আগে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরদেহ জিয়া উদ্যানে নেওয়ার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। পুরো এলাকায় শোক ও নীরবতার আবহ বিরাজ করে।

দাফন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ভূমিকা রেখে গেছেন। তার দাফনের মধ্য দিয়ে দেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

Leave A Reply


Math Captcha
6 + 1 =