সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার জন্য তাঁর কফিন মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে।
জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, ‘বাংলাদেশের একজন জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে সম্মান জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।’
তিনি আরও জানান, মানিক মিয়া এভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষ যাতে অবস্থান করতে পারেন, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলানগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

