ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরিভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তী সরকার। ডাক পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র হাইকমিশনারের ঢাকা প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করে জানায়, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতেই তাকে জরুরি তলব করা হয়েছে।
সূত্র জানায়, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার লক্ষ্যে সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বা আগামীকাল তাদের সঙ্গে দিল্লি থেকে ফেরত আসা হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক হতে পারে।
সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এর পরিপ্রেক্ষিতে ঢাকা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই সময়ে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হিন্দুত্ববাদী তিনটি সংগঠনের হামলার ঘটনা ঘটে। ফলে ওই ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ও দিল্লিতে উভয় দেশ একে অপরের কূটনীতিকদের তলব করে উদ্বেগ ও প্রতিবাদ জানায়।
গত দুই সপ্তাহে বাংলাদেশ ও ভারত পরস্পরের কূটনীতিকদের দুইবার করে তলব করেছে। সর্বশেষ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর জবাবে একই দিন বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।
একই দিনে দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনা বাংলাদেশ–ভারত সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন বলে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে।

