সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির পক্ষ থেকে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন,
‘সংকটে ও শোকে মানুষের মাথার ওপর যেমন ছায়া থাকে, আজ পুরো জাতি সেই ছায়া হারিয়ে ফেলেছে। এই শোকের ভাষা নেই। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য খুবই কঠিন।’
তিনি আরও বলেন,
‘চোখের সামনে সন্তানের লাশ দেখেও দেশ ও দেশের মানুষের স্বার্থে আপস না করে বেগম জিয়া দেশে থেকেই সংগ্রাম করেছেন। বারবার হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি আজীবন লড়াই করে গেছেন।’
রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিনব্যাপী শোক পালন করবে। এ সময় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
তিনি আরও জানান, শোক পালনকালে ৭ দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হবে। গুলশান, নয়াপল্টন ও বিভিন্ন জেলা কার্যালয়ে শোকবই খোলা থাকবে। জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

