Tuesday, November 10

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে সামান্তা শারমিন বলেন, মধ্যমপন্থায় পৌঁছানো কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষদের সমন্বয়ে গঠিত এনসিপিতে মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক ও অনিবার্য। তার মতে, মাত্র ১০ মাসের পথচলায় দলের সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারিত হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলে ‘ইনার পার্টি স্ট্রাগল’ একটি অবশ্যম্ভাবী বাস্তবতা হয়ে উঠেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল, বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়ে দলের ভেতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে। এ বিষয়ে তিনি নিজের ভিন্নমত প্রকাশ করেছেন। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতে অবস্থান নিয়েছে, কোনটি সঠিক—তা সময়ই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করে সামান্তা শারমিন বলেন, যেহেতু তিনি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করেন না এবং একই সঙ্গে এ মুহূর্তে দল থেকেও পদত্যাগ করছেন না, তাই এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সে কারণেই তিনি এবারের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এনসিপির ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়। ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।

পোস্টের শেষাংশে সামান্তা শারমিন উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্ত নিঃসন্দেহে এনসিপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। এর ফলাফলের সঙ্গে দলের ভবিষ্যৎ রাজনীতি যেমন জড়িয়ে আছে, তেমনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎও এই সিদ্ধান্তের পরিণতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি বলেন, নিজের অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য তিনি অপেক্ষা করবেন—সময়ই এর চূড়ান্ত মূল্যায়ন করবে।

Leave A Reply


Math Captcha
90 − 80 =