রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে রাজনীতি করছে, তা শুরু থেকেই পরিকল্পিত ছিল এবং এতদিন তারা যে বক্তব্য দিয়ে এসেছে, তার বড় একটি অংশ ছিল ‘নাটক’। তাঁর মতে, নিজেদের মধ্যপন্থী ও গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠার যে চেষ্টা এনসিপি করছিল, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জানান, আগে ৮ দলের নির্বাচনী সমঝোতার সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। নতুন করে যুক্ত হওয়া দল দুটি হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি। এতে করে এখন ১০ দল নিয়ে একটি নির্বাচনী জোট গঠিত হলো।
এ প্রসঙ্গে মাসুদ কামাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে এনসিপিকে এই জোটে প্রায় ৩০টি আসন দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ, ওই ৩০টি আসনে এনসিপির প্রার্থীরা নির্বাচন করবে এবং সেখানে জামায়াত বা জোটভুক্ত অন্য দলগুলোর কোনো প্রার্থী থাকবে না। অপরদিকে, বাকি প্রায় ২৭০টি আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না; বরং জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে।
মাসুদ কামাল বলেন, তরুণ সমাজের মুখপাত্র ও আন্দোলনের ‘সিফাসালা’ হিসেবে পরিচিত যে দলটি ব্যাপক সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করেছিল, সেই এনসিপি জামায়াতের কাছ থেকে আসন নিয়ে নির্বাচনী জোটে যাচ্ছে—এটি তাদের ঘোষিত রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাঁর মতে, এই সিদ্ধান্তের পর থেকেই এনসিপির ভাঙন দৃশ্যমান হয়ে উঠেছে।
তিনি জানান, ইতোমধ্যে দলটির একাধিক শীর্ষস্থানীয় ও পরিচিত নেতা পদত্যাগ করেছেন বা প্রকাশ্যে সমালোচনায় নেমেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—ডা. তাসনিম জারা, তাসনুভা জাবিন, মীর আরশাদুল হকসহ আরও কয়েকজন। ডা. তাসনিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তাসনুভা জাবিন পদত্যাগের পাশাপাশি নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মাসুদ কামাল আরও বলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন স্পষ্ট করে জানিয়েছেন, বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন ও ‘সেকেন্ড রিপাবলিক’—এই তিনটি মৌলিক প্রশ্নে জামায়াতের অবস্থান এনসিপির মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে জামায়াতের সঙ্গে রাজনৈতিক মিত্রতা আদর্শগতভাবে গ্রহণযোগ্য নয়।
তিনি উল্লেখ করেন, যদিও এনসিপির কেন্দ্রীয় কমিটির ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দিয়েছেন, তবুও এই সিদ্ধান্ত দলটির ঘোষিত রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর ভাষায়, “এতে বোঝা যায়, এনসিপি শুরু থেকেই এই পথেই যেতে চেয়েছিল। এতদিনের বক্তব্যের বড় অংশই ছিল নাটক।”
জোটের মাধ্যমে এনসিপির নির্বাচনী লাভ হবে কি না—এ বিষয়ে সংশয় প্রকাশ করে মাসুদ কামাল বলেন, জামায়াত তাদের সম্ভাবনাময় আসনগুলো এনসিপিকে ছেড়ে দেবে—এমনটি বিশ্বাস করার কারণ নেই। আবার যেসব আসনে জামায়াতের অবস্থান দুর্বল, সেখানে শুধু সমর্থন পেলেই এনসিপি বড় সাফল্য পাবে—এটিও অনিশ্চিত।
সবশেষে তিনি মন্তব্য করেন, “মাঝখান থেকে যা হলো—আসনের নিশ্চয়তা নেই, কিন্তু দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। যদি এটাকেই রাজনীতি বলা হয়, তাহলে এনসিপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

