সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।
রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে হিরো আলম বলেন,
“আমি যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি, তাই এবার স্বতন্ত্র নয়—রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
তিনি জানান, এর আগে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা হয়েছিল। তবে আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি।
হিরো আলম বলেন,“তারেক রহমান ভাইয়ের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে। আলোচনার পর আমি তার নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।”
তিনি আরও বলেন,
“আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”
রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের এই যোগদান নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তার দলীয় রাজনীতিতে প্রবেশ আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

