Tuesday, November 10

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।

নুরুল হক নুর বলেন, “সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি—এমন কথার কোনো ভিত্তি নেই। সময় হলে আপনারাই দেখবেন বিএনপি আমাদের কীভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি, তিনি কথা দিলে কথা রাখেন। আমাদের মধ্যে যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলব না।”

তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আগামীতে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন আন্দোলন সৃষ্টি করতে পারে, যা রাষ্ট্রকে গভীর সংকটে ফেলবে।”

সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রসঙ্গ টেনে নুর বলেন, “ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে সারাদেশের মানুষ ক্ষুব্ধ হয়। এর জেরে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও কিছুদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত।”

তিনি বলেন, “নির্বাচন হলেই সব সংকট শেষ হয়ে যাবে—এমন নয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরা যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছি, তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা, যাতে বিদেশি বিনিয়োগ আসে।”

নুরুল হক নুর আরও বলেন, “আমার ব্যক্তিগত প্রাপ্তি কিংবা আমার দল কয়টি আসন পেল—এগুলো মুখ্য নয়। দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামীতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।”

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির। তিনি বলেন, “হাসিনাবিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অন্যতম নুরুল হক নুর। বিএনপি তাকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত—এটি সবাইকে মেনে নিতে হবে। মনোনয়ন না পাওয়ায় কারো মনকষ্ট থাকতেই পারে, তবে উস্কানিমূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন মন্তব্য কাম্য নয়।”

তিনি আরও বলেন, “অচিরেই দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দেবেন। গলাচিপা-দশমিনার বিএনপির সব নেতাকর্মী নুরুল হক নুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”

সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈমসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave A Reply


Math Captcha
55 − 48 =