বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন। এমন অবস্থায় দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার হাসপাতালে এসে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।
ডা. জাহিদ বলেন, “হাসপাতালে অন্যান্য রোগীরা যেন নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে—সে বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সচেতন। এ কারণে তিনি দলীয় নেতাকর্মীদের অতিউৎসাহী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ মেধা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করছেন। “আমরা মহান আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করছি। একই সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, “এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমনটা বলার সুযোগ নেই। তিনি অত্যন্ত জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আশা করতে পারবো।”

