Tuesday, November 10

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা যতটুকু জেনেছি, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন তিনি আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে যাচাই করবে—তা অন্য কারো সঙ্গে মিলছে কি না।”

এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, “যদি কোনো তথ্যের সঙ্গে মিল না পাওয়া যায়, তাহলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া, আমাদের হাতে কিছু নেই। এনআইডি বা স্মার্টকার্ড তিনি আমাদের কাছ থেকেও নিতে পারবেন, আবার মোবাইলে পাঠানো মেসেজের মাধ্যমে ডাউনলোডও করতে পারবেন।”

এর আগে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর গাড়িবহর সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।

নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি আইরিশ স্ক্যান, আঙুলের ছাপসহ সব বায়োমেট্রিক তথ্য প্রদান করার কথা রয়েছে তারেক রহমানের।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের কোনো একটি নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক।

Leave A Reply


Math Captcha
3 + 3 =