Tuesday, November 10

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।

নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তারেক রহমান আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে সর্বোচ্চ একদিন সময় লাগবে।

বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের যেকোনো একটি নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইতোমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

Leave A Reply


Math Captcha
88 − 87 =